বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:৪৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের দুটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বিচার গণছাটাইয়ের বিরুদ্ধে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে। বৃহস্প্রতিবার একইদিনে ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের দুই আদালতের আদেশ অনুযায়ী চাকরি হারানো ১৯টি সরকারি সংস্থার ৫০ হাজারের অধিক শিক্ষানবিশ কর্মীকে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প সরকারি ব্যয় কমাতে ও ফেডারেল কর্মীবহর ছোট করে আনতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) খুলে তার দায়িত্বভার দেন ধনকুবের ইলন মাস্ককে। দেড় মাসেই এই ডিওজিই সরকারি সংস্থাগুলোতে আতঙ্কের সমার্থক হয়ে উঠেছে। তাদের একের পর এক পদক্ষেপে চাকরি গেছে সাড়ে তিন লাখের অধিক কর্মীর। আদেশ দুটির একটি দিয়েছেন নর্দার্ণ ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জজ উইলিয়াম এইচ অ্যলসাপ এবং অপরটি দিয়েছেন ম্যারিল্যান্ডের বাল্টিমোরের ডিস্ট্রিক্ট জজ জেমস ব্রেডার। জেমস ব্রেডার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালে নির্দেশ দেন। তার আদালতে মামলা করেছিল ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ২০টি রাজ্য, যাদের যুক্তি ছিল ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে। অবশ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উভয় রায়ের বিরুদ্ধেই আপিল করা হয়েছে তাৎক্ষণিকভাবে। প্রসঙ্গত: উল্লেখ্য, ডিওজিই-র কোপ মূলত বেশি পড়েছে শিক্ষানবিশ কর্মীদের ওপর, যাদের চাকরির সুরক্ষা এমনিতেই কম। দ্বিতীয় দফা ছাঁটাই ও বাজেট কমানোর পরিকল্পনা জমা দিতে ট্রাম্প প্রশাসন ফেডারেল সংস্থাগুলোকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল। সেদিনই দুই ফেডারেল বিচারক চাকরিচ্যুত হাজারো কর্মীকে পুনর্বহালে আদেশ দিলেন।
ব্রেডারের বৃহস্পতিবারের আদেশে পরিবেশ সুরক্ষা সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো ও বিদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা সংস্থা ইউএসএআইডির পাশাপাশি মার্কিন কৃষি, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য, মানবসেবা, হোমল্যান্ড সিকিউরিটি, গৃহায়ন ও নগর উন্নয়ন, স্বরাষ্ট্র, শ্রম, পরিবহন, অর্থ ও ভেটেরান বিষয়ক মন্ত্রণালয়ের শিক্ষানবিশরাও চাকরি ফিরে পাওয়ার সুযোগ পেল। ট্রাম্প প্রশাসন বলছে, তারা কর্মদক্ষতাসহ নানাবিধ বিবেচনায় এই কর্মীদের চাকরিচ্যুত করেছে। সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া ব্রেডার এই যুক্তি ‘মেনে নিতে’ নারাজ। তার ভাষ্য, এই ধরনের গণছাঁটাইয়ের আগে রাজ্যগুলোকে অবহিত করা দরকার ছিল; মাত্রই বেকার হওয়া নাগরিকদের সহায়তা দিতে রাজ্যগুলোর বাধ্যবাধকতা আছে।
ব্রেডারের কয়েক ঘণ্টা আগে স্যান ফ্রান্সিসকোর আদালতে শুনানিতে ডিস্ট্রিক্ট বিচারক উইলিয়াম অলসাপ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ ছয়টি সংস্থার চাকরিচ্যুত শিক্ষানবিশদের পুনর্বহালে আদেশ দেন। বাকি ৫টি সংস্থার কর্মীরা মেরিল্যান্ডের আদালতের আদেশেও আছে।
আদেশে স্যান ফ্রান্সিসকো ফেডারেল আদালতের বিচারক বলেছেন, পর্যাপ্ত ক্ষমতা না থাকার পরও যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর মানবসম্পদ বিভাগের দায়িত্ব পালন করা অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) বিপুল হারে কর্মী ছাঁটাইয়ের যে নির্দেশ দিয়েছিল, তা যথাযথ ছিল না।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর