স্টারলিংককে বাংলাদেশে ব্যবসার অনুমোদন দিলো বিডা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ

স্টারলিংককে বাংলাদেশে ব্যবসার অনুমোদন দিলো বিডা

ফাইল ছবি

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেয়া হয়েছে।’ তিনি আরো জানান, বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেয়া বাধ্যতামূলক, এবং সেই নিবন্ধনও স্টারলিংককে দেয়া হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘পরিচালনার জন্য যে ননজিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্সের প্রয়োজন, এর জন্য স্টারলিংকের আজ (রবিবার) আবেদন করার কথা রয়েছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নিয়ম মেনে আবেদন করলে অনুমোদন দেয়া হবে এবং বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো বাধা থাকবে না।

আগামী ৯ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সবাই এটি ব্যবহার করতে পারবেন, এবং সম্মেলনের সরাসরি সম্প্রচারও স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে করা হবে।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছিল। সেখানে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক বাংলাদেশের দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করবে, যা গ্রাম ও শহরের মধ্যে ইন্টারনেট সেবার বৈষম্য কমিয়ে দেবে। বিশেষ করে, গ্রামে বসেই তরুণরা ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক কাজ করতে সক্ষম হবেন।

এতে বাংলাদেশের ডিজিটাল দুনিয়ায় নতুন একটি যুগের সূচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ইউ

Facebook Comments Box

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us