নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:১৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে অভিবাসন মর্যাদায় কিংবা ট্যুরিস্ট হিসেবে অথবা দক্ষ কর্মী বা আন্তর্জাতিক স্টুডেন্ট ভিসায় আসতে আগ্রহীদের সোস্যাল মিডিয়া যাচাইয়ের পরই ভিসা প্রদান করা হবে। ‘ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস’ তথা ইউএসসিআইএস ৯ এপ্রিল এমন এক ঘোষণায় উল্লেখ করেছে যে, ভিসার আবেদন নাকচ করা হবে যদি দেখা যায় যে আবেদনকারি যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থি তৎপরতায় লিপ্ত ছিল বা রয়েছে। এমনকি ইসরায়েলের বিরোধিতা করা কিংবা ফিলিস্তিনিদের পক্ষাবলম্বন করার কোন মন্তব্য সোস্যাল মিডিয়ায় পাওয়া গেলেও ভিসা নাকচের মত পরিস্থিতির সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। এমন নির্দেশ প্রদানের তথ্য জানাজানি হবার পর যুক্তরাষ্ট্রের অনেক পুরনো বাকি-স্বাধীনতা হরণের ভয়ংকর একটি প্রক্রিয়া হিসেবে নিন্দা ও প্রতিবাদ উঠেছে মানবাধিকার ও নাগরিক অধিকার নিয়ে কর্মরত সংগঠনের পক্ষ থেকে। ইউএসসিআইএস’র এই ঘোষণার মধ্যদিয়ে গ্রীণকার্ডধারী কিংবা নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীরাও গভীর সংকটে নিপতিত হয়েছেন। কারণ, ইতিমধ্যেই গাজায় বর্বরতায় লিপ্ত ইসরায়েলের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে তিন শতাধিক শিক্ষার্থীর ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ ভিসা বাতিলের ঘটনা ঘটেছে। গ্রীণকার্ড কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়াও অবলম্বন করা হয়েছে-যা কেউ কখনো ভাবেনি।
ইউএসসিআইএস বলেছে, এখোন থেকে ভিসা ইস্যুর পূর্বশর্ত হিসেবে আবেদনকারির সোস্যাল মিডিয়া কনটেন্ট পর্যালোচনা করা হবে। যদি দেখা যায় যে, আবেদনকারি যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত কোন সন্ত্রাসী সংগঠন অথবা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হামাস বাহিনীসহ অন্যদের পক্ষাবলম্বন করার মত মতামত ব্যক্ত করেছেন অথবা অন্যদের উদ্বুদ্ধ করেছেন আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্যে, তাহলে ভিসার আবেদনটি নাকচের পর্যায়ে পড়বে। এমনকি, ভিসা ইস্যুর পর যুক্তরাষ্ট্রে প্রবেশের সময়েও যদি সোস্যাল মিডিয়ায় এমন আচরণ ধরা পড়ে সে ক্ষেত্রেও ভিসা বাতিল করা হবে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মুখপাত্র ত্রিসিয়া ম্যাকলোলিন আরো উল্লেখ করেছেন, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নঈম ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনীর অজুহাতে কেউ যদি সন্ত্রাসবাদের পক্ষাবলম্বনের চেষ্টা করেন তাহলে তাকে যুক্তরাষ্ট্র থেকে যতটা দ্রুত সম্ভব বহিষ্কার করা হবে। এব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
Posted ৮:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর