নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৩ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৩৪ পূর্বাহ্ণ
ছবির ক্যাপশন-এইচ-১বি ভিসা
মার্কিন টেকনোলজি সেক্টরের জন্যে অধিকতর যোগ্যতাসম্পন্ন বিদেশী কর্মী নিয়োগ তথা এইচ-১বি ভিসা- নীতিমালায় পরিবর্তন সাধিত হচ্ছে। বিভিন্ন কোম্পানীর চাহিদা অনুযায়ী দক্ষতাসম্পন্ন বিদেশীরা নাম তালিকাভুক্ত করার পর লটারির মাধ্যমে বার্ষিক ৮৫ হাজার ভিসা ইস্যু করা হতো। প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের পরিপ্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রস্তাব ১২ আগস্ট হোয়াইট হাউজের অনুমোদন পেয়েছে। নয়া ব্যবস্থা অনুযায়ী লটারির পরিবর্তে আবেদনকারিগণের সিনিয়রিটি এবং উচ্চতর শিক্ষা-অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হবে। একইসাথে বেতন-ভাতাও বাড়িয়ে দিতে হবে।
উল্লেখ্য, প্রযুক্তি, প্রকৌশলী, কম্প্যুটার সায়েন্স এবং ব্যবসা-বিশেষজ্ঞ সেক্টরে কাজের জন্যে নির্দিষ্ট একটি সময়ের জন্যে এই ভিসা ইস্যু করা হয়। ভিসাধারিরা যুক্তরাষ্ট্রে আসার পরই ওয়ার্ক পারমিট পায় এবং সংশ্লিষ্ট কোম্পানী যদি প্রয়োজন মনে করে তাহলে ভিসাধারিকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্যে আবেদন করে থাকে অর্থাৎ তারা গ্রীণকার্ড পান এবং পরিবার-পরিজনকেও সিটিজেন করতে পারেন। বহু পুরনো এই ব্যবস্থাকে পরিবর্তনের জন্যে ট্রাম্পের প্রথম মেয়াদেও এমন একটি আদেশ জারি করা হয়েছিল কিন্তু জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ২০২১ সালে তা নাকচ করা হয়। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের জন্যে ক্ষমতা গ্রহণের পরই এইচ-১বি ভিসার নীতিমালা পরিবর্তনের কথা বলেছিলেন। সে অনুযায়ী নয়া এ ব্যবস্থা গ্যাজেট আকারে প্রকাশের পথ সুগম হলো। শীঘ্রই তা প্রকাশ করা হবে জনমত যাচাইয়ের জন্যে। ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত মতামত সংগ্রহ করা হবে। এরপর যদি অধিকাংশ আমেরিকানই পরিবর্তিত নীতিকে যুক্তরাষ্ট্রের জন্যে ভাল মনে করেন তাহলে তা আইনে পরিণত হবে। উল্লেখ্য, তথ্য-প্রযুক্তি সেক্টরসহ বিভিন্ন উদিয়মান সেক্টরেই উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশীরা দীর্ঘদিন থেকে অবদান রেখে আসছেন। তবে এতদিন তারা প্রত্যাশিত বেতন-ভাতা পেতেন না বলে ট্রাম্প প্রশাসনের ধারণা। এখন সেটি নিশ্চিত করা হবে এবং বাছাই প্রক্রিয়ায় অধিকতর যোগ্যতাসম্পন্নরা প্রাধান্য পাবেন। লটারির প্রথা বিলুপ্ত হয়ে যাবে।
Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর