নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:০৩ পূর্বাহ্ণ
ক্লাসে সেলফোন নিষিদ্ধের বিধি বহালের দিন ব্রুকলীনের একটি স্কুলে স্টেট গভর্ণর ক্যাথি হোকুল। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলসমূহে ৪ সেপেটম্বর নয়া শিক্ষাবর্ষের ক্লাস শুরু হলো ‘সেলফোন নিষিদ্ধ’র আওতায়। অর্থাৎ ক্লাস শুরু থেকে ছুটির ঘন্টা না বাজা পর্যন্ত কেউ সেলফেন ব্যবহার করতে পারবে না। এমন ব্যবস্থা ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-সহ ১৬ স্টেটে কার্যকর হয়েছে। যদিও ক্লাস চলাকালে শিক্ষাঙ্গনে সেলফোন নিষিদ্ধের বিধি অনেক আগেই ৩৫ স্টেটে তৈরী হয়েছে। সবার আগে এই বিধি কার্যকর হয় ২০২৩ সালে ফ্লোরিডা স্টেটে।
নিউইয়র্ক স্টেটের গভর্ণর ক্যাথি হোকুল নিউইয়র্ক সিটির ব্রুকলীনে উইলিয়ামসবার্গ এলাকায় অবস্থিত ‘মিডল স্কুল-৫৮২’র শিক্ষার্থীদেরকে নয়া ক্লাসে স্বাগত জানানোর অনুষ্ঠানে এমন পদক্ষেপের সমর্থনে যুক্তি উপস্থাপনকালে বলেন, আমরা এমন একটি কঠিন পদক্ষেপ নিয়েছি যাতে তোমরা নির্বিঘেœ লেখাপড়ায় মনোনিবেশ করতে পারো। এবং ক্লাসে সেলফোন ব্যবহারের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে গোটা স্টেটেই প্রসার করা হবে। উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে ১১ শতাধিক পাবলিক স্কুলের ৯ লক্ষাধিক শিক্ষার্থী এই নিষেধাজ্ঞার আওতায় এলো। স্কুলে প্রবেশের পরই নির্দিষ্ট একটি ব্যাগে সকলকে সেলফোন রাখতে হবে। আবার তা ফিরিয়ে দেয়া হবে ছুটির ঘন্টা বাজার সাথে সাথে। এমন নিষেধাজ্ঞায় অনেক অভিভাবক ক্ষুব্ধ। তারা বলেছেন যে, সন্তানেরা কখন কোথায় কি করছে সেটি জানতে সেলফোনের বিকল্প ছিল না। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোন বিপদে পড়লে জানবো কীভাবে-এমন প্রশ্নও কিছু অভিভাবকের। তবে প্রশাসনের যুক্তি হচ্ছে, যে কোন প্রয়োজনে শিক্ষার্থীর পাশে রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
কুইন্সের এলমহার্স্টে অবস্থিত ইন্টারমিডিয়েট স্কুল-৫ এর শিক্ষার্থীদের স্বাগত জানানোর পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেমক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেন, আমি খুবই ভাগ্যবান যে, পাবলিক স্কুলে পড়াবস্থায় সোস্যাল মিডিয়ার প্রচলন ঘটেনি। সেটি ছিল সোস্যাল মিডিয়ার দাপটের আগে। প্রসঙ্গত: উল্লেখ্য, শ্রেণীকক্ষে সেলফোন নিষিদ্ধের বিধি তৈরীর সময় অর্থাৎ গত এপ্রিলে ‘সিয়েনা কলেজ রিসার্চ ইন্সটিটিউট’ পরিচালিত জরিপে নিউইয়র্কের ৬১% ভোটারই সামগ্রিক পরিস্থিতির আলোকে এমন নিষেধাজ্ঞার পথে মত দিয়েছেন। আরো উল্লেখ্য, স্টেট পার্লামেন্টে এই বিল পাশ হয়েছে উভয় দলের সমর্থনে। শুধু তাই নয়, স্টেট এবং সিটি শিক্ষক ইউনিয়নও দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছেন এমন ব্যবস্থাকে।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর