নিউ অরলিন্স ও হিউস্টন থেকে সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:২৭ পূর্বাহ্ণ
বর-কণে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
গত ১৭ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এক জাঁকজমকপূর্ণ দশদিনব্যাপী বিবাহ উৎসবের মধ্য দিয়ে দুই বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান পরিবার এক বন্ধনে আবদ্ধ হন। এই উৎসবে উচ্চশিক্ষিত ও কৃতী ড. শায়েনা সারওয়ার, ফার্মডি, এবং ডা. ব্রতী সাদীদ রাহমান, এমডি-এর শুভ বিবাহ সম্পন্ন হয়। নিউ অরলিন্স ও হিউস্টনের মতো দুটি গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে থাকা এই আয়োজন ছিল বাঙালি ঐতিহ্য ও আমেরিকান আধুনিকতার এক অনন্য ও সফল সংমিশ্রণ।
উৎসবের সূচনা হয় নিউ অরলিন্সে, যেখানে শ্যাটো গল্ফ্ ও কান্ট্রি ক্লাব এবং কনে শায়েনার পিতা-মাতার গল্ফ্ কোর্স সংলগ্ন বাসভবনে হেনা, হলুদ, নিকাহ ও রুসুমাত-এর মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো আয়োজিত হয়। এরপর উৎসবের ধারা স্থানান্তরিত হয় হিউস্টনে, যেখানে বর ব্রতীর পিতা-মাতার প্রাসাদোপম বাসভবন, ‘কেভিন ব্রেডি সেন্টার,’ এবং হায়াত রিজেন্সী হোটেলে সঙ্গীত, রং খেলা, বধূবরণ ও জমকালো ওয়ালিমা (বৌভাত) অনুষ্ঠিত হয়।
এই বিবাহে প্রায় ১৫০০-এরও বেশি অতিথি অংশগ্রহণ করেন। শুধু ওয়ালিমা অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ৭০০-এরও বেশি অতিথি, যার মধ্যে ১৫০ জনেরও বেশি এসেছিলেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য থেকে।
বর ও কনে দুজনেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল ও কৃতী। শায়েনা টুলেন বিশ্ববিদ্যালয় ও জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে কুম লাউডি সহ যথাক্রমে ব্যাচেলর অব সায়েন্স ও ডক্টর অব ফার্মাসী ডিগ্রি অর্জন করেছেন এবং ইতিমধ্যে ৩৩টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। অন্যদিকে, হিউস্টনে মেডিকেল প্রাকটিসে সাফল্যের বরমাল্য পরিহিত ব্রতী ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিন থেকে বিএ ডিগ্রি অর্জন করেন এবং সেন্ট জর্জেস ইউনিভার্সিটি থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভের পর ইউনিভার্সিটি অব হিউস্টনে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি সম্পন্ন করেন। চারটি ভাষায় দক্ষ, বহুমুখী প্রতিভার অধিকারী ব্রতীর গবেষণা জার্নাল অব আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজিতে প্রকাশিত হয়েছে।
পারিবারিক আবহেও রয়েছে শিক্ষা ও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। শায়েনার পিতা ড. মোস্তফা সারওয়ার একজন এমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং তার মা ডা. সাইয়েদা সারওয়ার একজন খ্যাতনামা চিকিৎসক। ব্রতীর পিতা ডা. আতিয়ার রাহমান বনি একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক এবং তার মা ডা. আফরোজা রাহমান মিনি একজন সুপরিচিত শিশু চিকিৎসক।
এই বিবাহ শুধু দুটি হৃদয়ের মিলন নয়, বরং দুটি পরিবারের দীর্ঘদিনের শিক্ষাগত ঐতিহ্য ও সাফল্যের এক অনন্য উদযাপন। বিশেষত যশোর শিক্ষা বোর্ডে কনে ও বরপক্ষের চারজন নিকটাত্মীয়ের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শীর্ষ মেধা তালিকায় স্থান পাওয়ার বিষয়টি দুই পরিবারের মধ্যে একটি মজাদার মিল হিসেবে বিবেচিত।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর