প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তারেক রহমানের

বাসস   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১১:২২ পূর্বাহ্ণ

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তারেক রহমানের

সংগৃহীত ছবি

প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে নির্যাতন ও কষ্টের শিকার হলেও প্রতিশোধ নেওয়ার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তাই সবাইকে প্রতিহিংসার মানসিকতা পরিহার করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কী করতে পারি, সেই চেষ্টা করতে হবে। অন্তত দেশের জন্য কাজ করার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে যে গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই। বর্তমান সরকারও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা ও আলোচনা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৬ জুনের প্রসঙ্গ টেনে বলেন, একসময় দেশে মাত্র চারটি সংবাদপত্র রেখে বাকিগুলোর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সঙ্গে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাও বিলুপ্ত করা হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংবাদপত্রের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেন বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষে একা সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা সরকারের কাজকে আরও কার্যকর করতে পারে। তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা না পেলে আমি বুঝতে পারব না কাজটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে।’

তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কেবল আইন প্রয়োগ বা চিকিৎসা দিয়ে এ সমস্যা সমাধান সম্ভব নয়। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে বিকল্প পথ তৈরি করতে হবে।

তিনি জানান, সরকার ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছে, যেখানে সারা দেশের প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তরুণদের নৈতিক অবক্ষয়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের নানা সমস্যা, সীমাবদ্ধতা এবং মানুষের উচ্চ প্রত্যাশার কারণে তিনি ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন। তবে সেই চাপ নিয়েই দেশের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিজের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কারাবন্দি অবস্থায় তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনো তার শরীরে সেই ক্ষতের চিহ্ন রয়েছে। তবুও তিনি প্রতিশোধ নয়, দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার নেতাকর্মীদের কাছেও এই বার্তা পৌঁছে দিন—ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের দেশের কল্যাণের কথা ভাবতে হবে।’

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us