এজাজ আহম্মেদ
প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ১১:৩৫ পূর্বাহ্ণ
মেহদি তোরাবি। সংগৃহীত ছবি
বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার ভিসা সংকট নিয়েও সংগ্রাম করতে হচ্ছে ইরান ফুটবল দলকে। প্রথম ম্যাচ শেষ হওয়ার পরই এক ফুটবলারের যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে দলটির শিবিরে।
ইরান জাতীয় দলের উইঙ্গার মেহদি তোরাবি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সিঙ্গেল-এন্ট্রি ভিসা পেয়েছিলেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে দল যখন মেক্সিকোর তিহুয়ানায় অবস্থিত বেস ক্যাম্পে ফিরে যায়, তখনই তার ভিসার কার্যকারিতা শেষ হয়ে যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তোরাবি আর বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সমস্যা সমাধানে নতুন ভিসার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই ভিসা সংক্রান্ত নানা জটিলতার অভিযোগ করে আসছে ইরান। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শুরুতে ভিসা প্রদানে বিলম্ব করে এবং পরে বিশেষ শর্তে অনুমতি দেয়। সেই শর্ত অনুযায়ী ম্যাচ শেষে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হচ্ছে খেলোয়াড় ও কর্মকর্তাদের।
এ কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান না করে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় নিজেদের বেস ক্যাম্প স্থাপন করেছে ইরান। ফলে প্রতিটি ম্যাচ খেলতে দলটিকে বারবার সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে।
এর আগেও ইরান দলের কয়েকজন কর্মকর্তা ও স্টাফ সদস্য ভিসা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন। এছাড়া অধিনায়ক মেহদি তারেমি ও এক স্টাফ সদস্যকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখোমুখি হতে হয়েছে বলেও জানা গেছে।
ইরানের প্রধান কোচ আমির গালেনোই অভিযোগ করেছেন, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দিয়ে দ্রুত মেক্সিকোয় ফিরে যেতে বাধ্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। সামনে বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ অপেক্ষা করছে। তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি এখন ভিসা সংকটও দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর