বেনজীরকে দেশে ফেরানো জটিল হবে না, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

এজাজ আহম্মেদ   প্রিন্ট
শনিবার, ২০ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:১৮ পূর্বাহ্ণ

বেনজীরকে দেশে ফেরানো জটিল হবে না, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংগৃহীত ছবি

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আরব আমিরাত কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বললেও বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই সব নথি প্রস্তুত করে পাঠিয়েছে।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় তথ্য ও নথি চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪৪ পৃষ্ঠার নথি সংশ্লিষ্ট ভাষায় অনুবাদ করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের কাছে ৩০ দিনের সময় ছিল। কিন্তু আমরা তিন দিনের মধ্যেই সব কাগজপত্র প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আমিরাত সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার ও শনিবার ছুটির কারণে যোগাযোগে কিছুটা বিলম্ব হয়েছে। তবে রোববার এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

বেনজীর আহমেদকে ফেরত পাঠানোর বিষয়ে কোনো জটিলতা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক আইনি কাঠামোর অংশীদার। অতীতেও উভয় দেশ পারস্পরিক আইনি সহায়তার আওতায় আসামি ও বন্দি হস্তান্তর করেছে। ফলে প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল হবে বলে তিনি মনে করেন না।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার আশঙ্কা থাকলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ কারণে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us