টোকিওতে আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে শেখ হাসিনা

৫ আগস্টের পূর্বাপর পরিস্থিতি উপস্থাপন ও ইউনূসের দু:শাসনের কঠোর সমালোচনা

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৩:০১ অপরাহ্ণ

৫ আগস্টের পূর্বাপর পরিস্থিতি উপস্থাপন ও ইউনূসের দু:শাসনের কঠোর সমালোচনা

সেমিনারে কী-নোট স্পিকারসহ প্যানেলিস্টরা। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

টোকিও থেকে এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম

জাপানের রাজধানী টোকিওতে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য প্রটেকশন অব ডেমক্র্যাসি এ্যান্ড হিউম্যান রাইটস’ আয়োজিত আন্তর্জাতিক প্রেস কনফারেন্স ও সেমিনার ২০ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।

এতে  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। এ সময় শেখ হাসিনা উপস্থিত আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক, জাপানের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নানা প্রশ্নের উত্তর দেন।

তাঁর বক্তব্য ও প্রশ্নোত্তর পর্বকে কেন্দ্র করে সম্মেলনে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়।
শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্টের পূর্ববর্তী ও পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ওই সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও বর্তমান শাসনামল নিয়ে কঠোর সমালোচনা করেন।
এই সময়ের শাসনব্যবস্থাকে ‘দুঃশাসন’ হিসেবে অভিহিত করে নিজের বক্তব্য তুলে ধরেন শেখ হাসিনা।

বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশে শেখ হাসিনা আগামী মাসে বাংলাদেশে ফিরে যাওয়ার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তাঁর এই প্রত্যয় ব্যক্ত করার বিষয়টি সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও সিইও সাকুরা সাবের । স্বাগত বক্তব্যে তিনি গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক সংলাপ, দায়িত্বশীল ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন নিউজার্সির প্লেইনস বরো টাউনশিপের কাউন্সিলম্যান, বাংলাদেশের অন্যতম একটি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিজের অস্মিরণীয় ভূমিকা আলোকে  ‘Bullets of 71 – A Freedom Fighter’s Story’ গ্রন্থের লেখক এবং বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো ড. নূরন্নবীর দীর্ঘদিনের অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখালেখি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ (Peter Fahrenholtz)।

এ ছাড়াও বক্তব্য দেন ফারহানা ভন মিজলাফ, নওয়াজ শরীফ এবং গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের সাবেক পরিচালক মো. জিম জুবায়ের।

সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক ছিল বক্তব্য প্রদানের ভাষা ও অনুবাদ ব্যবস্থা। বক্তারা ইংরেজি ভাষায় তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
জাপানি ভাষার বক্তব্যগুলো তাৎক্ষণিকভাবে অনুবাদ করা হয়। ফলে জাপানি অতিথি ও অংশগ্রহণকারীরা সহজে বক্তব্য বুঝতে পারেন।

জাপানের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন পেশার বিশিষ্ট জাপানি নাগরিকদের উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য, প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে আসে।

আন্তর্জাতিক পর্যায়ে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে আলোচনা, মতবিনিময় এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ৩:০১ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us